জিমেইল অ্যাপে ‘চ্যাট’ শর্টকাট

৪ জুলাই, ২০২০ ১১:৩৮  
ইন্টারনেট জায়ান্ট গুগল, সংস্থার বিভিন্ন পরিষেবা উন্নত করার জন্য প্রায়ই নতুন কিছু ফিচার নিয়ে আসে। এবার সংস্থাটি জিমেইল অ্যাপে আনতে চলেছে ‘চ্যাট’ শর্টকাট। একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সংস্থাটি জিমেইলের এপিকেভার্সনে ‘চ্যাট’ এবং ‘রুম’ নামে দুটি ফিচার যুক্ত করতে পারে। গুগলের ‘চ্যাট’ ফিচারটি সাধারণত একে অপরের সাথে কথোপকথনের জন্য এবং ‘রুম’ ফিচারটি গ্রুপ কোলাবরেশনের জন্য ব্যবহার করা যাবে। গত মাসে গুগল ঘোষণা করেছিল তারা অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য জিমেইল অ্যাপের সাথে গুগল মিট-এর ইন্টিগ্রেশন করবে। ইন্টিগ্রেশনের উদ্দেশ্য ইউজাররা যাতে সহজেই কোনো মিটিং শুরু করতে বা মিটিংয়ে যোগদান করতে পারেন। জিমেলের ওয়েব ইন্টারফেসে বামদিকের ট্যাবে মিট-এর শর্টকাট দেখতে পাওয়া যাবে। গুগল মিট, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মের জন্য স্ট্যান্ডালোন অ্যাপ হিসাবে উপলব্ধ। মনে করা হচ্ছে গুগল ভবিষ্যতে এজাতীয় আরো কিছু ফিচার আনতে কাজ করছে। এছাড়া গুগল ‘মিট’ এবং ‘চ্যাট’, দুটি ফিচারই একসাথে জুড়তে পারে। এই প্ল্যাটফর্মগুলিতে ইউজারের ডেটা সুরক্ষিত থাকে এবং এগুলি বিনামূল্যে ব্যবহার করা যায়।